জরুরি স্বাস্থ্যসেবা বন্ধ কেন, দ্রুত চালু হোক ১৬২৬৩

বিনা মূল্যে চিকিৎসকের পরামর্শ পাওয়ার সরকারি সেবা ‘স্বাস্থ্য বাতায়ন’ বন্ধ হয়ে যাওয়া জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। প্রশাসনিক জটিলতা ও বকেয়া বিলের দায় সাধারণ মানুষের ওপর চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

দেশের সাধারণ মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসকের পরামর্শ পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল সরকারি টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’। দীর্ঘ ১১ বছরের বেশি সময় ধরে চালু থাকা এই সেবা হঠাৎ বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে যাঁরা সহজে চিকিৎসকের কাছে যেতে পারেন না, তাঁদের জন্য এটি ছিল বড় ভরসা। অথচ পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং বকেয়া বিল পরিশোধের জটিলতায় সেবাটি বন্ধ হয়ে গেছে। কোনো বিকল্প ব্যবস্থাও রাখা হয়নি।

স্বাস্থ্যসেবার এমনিতেই নানা সংকট রয়েছে। সরকারি হাসপাতালে চিকিৎসক ও জনবলের অভাব, অব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় সেবার ঘাটতির কারণে অনেক মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসা পান না। অনেককে বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে যেতে হয়, যা তাঁদের জন্য বাড়তি আর্থিক চাপ তৈরি করে। এমন পরিস্থিতিতে ফোনে বিনা মূল্যে চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগটুকুও বন্ধ হয়ে যাওয়া সাধারণ মানুষের জন্য বড় ক্ষতি।

২০১৫ সালের সেপ্টেম্বরে চালু হওয়া স্বাস্থ্য বাতায়নে দিন-রাত ২৪ ঘণ্টা ফোন করে চিকিৎসাবিষয়ক পরামর্শ পাওয়া যেত। প্রায় ১০০ জন চিকিৎসক ও ৩০ জন স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা তিন পালায় এই সেবা দিতেন। চলতি বছরের ২ মে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন গড়ে ৬ হাজার ১৩৭টি কল এসেছে। করোনাভাইরাস মহামারির সময়ও সেবাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত স্বাস্থ্য বাতায়নে প্রায় ১ কোটি ২৬ লাখ কল এসেছিল। এই পরিসংখ্যানই প্রমাণ করে, মানুষের কাছে সেবাটির প্রয়োজনীয়তা কতটা।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ ১০ নভেম্বর শেষ হয়েছে। এ ছাড়া ২৮ মাসের পরিচালন ব্যয় বাবদ প্রায় ১৬ কোটি টাকা বকেয়া রয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটি সেবা বন্ধ করতে বাধ্য হয়েছে। অন্যদিকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জানিয়েছেন, বকেয়া পরিশোধের বিষয়ে কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুত সেবাটি চালুর উদ্যোগ নেওয়া হবে।

প্রশ্ন হচ্ছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টি আগে থেকেই জানা থাকার পরও কেন সময়মতো নবায়নের উদ্যোগ নেওয়া হলো না? দীর্ঘদিনের বকেয়া কেন পরিশোধ করা হয়নি? একটি জনগুরুত্বপূর্ণ সেবা চালু রাখার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় কেন ছিল না? এসব প্রশ্নের জবাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিতে হবে। প্রশাসনিক জটিলতা বা আর্থিক হিসাবের কারণে সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

আমরা মনে করি, স্বাস্থ্য বাতায়ন দ্রুত চালু করাই এখন সরকারের প্রধান দায়িত্ব। পাশাপাশি ভবিষ্যতে যেন চুক্তি নবায়ন বা বিল পরিশোধের জটিলতায় এ ধরনের সেবা বন্ধ না হয়, সে ব্যবস্থাও করতে হবে। সেবাটিকে আরও আধুনিক ও কার্যকর করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। তথ্যপ্রযুক্তির উন্নতির এই সময়ে টেলিহেলথ সেবার পরিধি বাড়ানো সম্ভব। প্রয়োজনে নতুন প্রযুক্তি যুক্ত করে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও চিকিৎসকের পরামর্শ পৌঁছে দেওয়া যেতে পারে।

জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। স্বাস্থ্য বাতায়ন কোনো সাধারণ প্রকল্প নয়; এটি লাখ লাখ মানুষের প্রয়োজনীয় একটি সেবা। তাই এ নিয়ে আমলাতান্ত্রিক গড়িমসি বা দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বকেয়া বিল পরিশোধ, চুক্তি নবায়ন এবং প্রয়োজনীয় প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে অবিলম্বে ১৬২৬৩ নম্বরের স্বাস্থ্য বাতায়ন চালু করতে হবে। মানুষের জীবন ও স্বাস্থ্যসংশ্লিষ্ট এই জরুরি সেবা আর এক দিনও বন্ধ থাকা উচিত নয়।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted