উচ্চশিক্ষিত বেকারত্বের লাগাম টানতে শিক্ষাব্যবস্থা ও কর্মবাজারে সংস্কার জরুরি

দেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়ছে, বাড়ছে বিশ্ববিদ্যালয়ের সনদধারীর সংখ্যাও। কিন্তু সেই তুলনায় কর্মসংস্থান বাড়ছে না। ফলে দিন দিন বাড়ছে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা। অন্যদিকে শিল্প ও প্রযুক্তি খাতগুলোতে প্রয়োজনীয় দক্ষ জনবলের সংকটও রয়েছে। এই বিপরীতমুখী পরিস্থিতি দেশের অর্থনীতি ও ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০১৭ সালে দেশে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী বেকারের সংখ্যা ছিল ৪ লাখ ৫ হাজার। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮ লাখ ৮৫ হাজারে। অর্থাৎ আট বছরে শিক্ষিত বেকারত্ব বেড়েছে ১১৯ শতাংশ। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিবেদন অনুযায়ী, দেশে উচ্চশিক্ষিত তরুণদের প্রায় ২৯ শতাংশ বেকার। আবার যাঁরা চাকরি করছেন, তাঁদের অনেকেই নিজেদের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজ পাচ্ছেন না।

এ পরিস্থিতি স্পষ্ট করে যে, আমাদের শিক্ষাব্যবস্থা ও কর্মবাজারের মধ্যে বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ডিগ্রি দিতে পারলেও অনেক ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা তৈরি করতে পারছে না। নিয়োগদাতাদের অভিযোগ, নতুন চাকরিপ্রার্থীদের মধ্যে ইংরেজি ভাষা, প্রযুক্তির ব্যবহার, সমস্যা সমাধান, নেতৃত্ব এবং দলগতভাবে কাজ করার দক্ষতার ঘাটতি রয়েছে। ফলে একদিকে শিক্ষিত তরুণেরা চাকরি পাচ্ছেন না, অন্যদিকে প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় দক্ষ কর্মী খুঁজে পাচ্ছে না।

এই সংকটের অন্যতম কারণ শিক্ষাব্যবস্থার দুর্বলতা ও বাস্তব কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে পাঠ্যক্রমের অসামঞ্জস্য। এখনো আমাদের শিক্ষার বড় অংশ মুখস্থনির্ভর। হাতে-কলমে শেখা, গবেষণা এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগও সীমিত। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক শিক্ষার প্রসারেও আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। তবে শুধু কারিগরি শিক্ষা বাড়ালেই সমস্যার সমাধান হবে না। শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিশ্লেষণী ক্ষমতা, সৃজনশীলতা ও যোগাযোগের দক্ষতাও গড়ে তুলতে হবে। অর্থাৎ তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার মধ্যে কার্যকর সমন্বয় জরুরি।

এ ক্ষেত্রে আরেকটি বিষয় বিশেষভাবে বিবেচনায় নেওয়া প্রয়োজন। বাংলাদেশের জনমিতিক সুবিধা বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগানোর সময় সীমিত। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০৪৫ সালের পর এই সুবিধা আর আগের মতো থাকবে না। তাই কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীকে এখনই দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। তা না হলে দেশের অর্থনৈতিক অগ্রগতির একটি বড় সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে দক্ষ জনশক্তি তৈরি করাই একমাত্র সমাধান নয়। সেই দক্ষ মানুষের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানও নিশ্চিত করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির বিস্তার ভবিষ্যতে অনেক প্রচলিত কাজের ধরন বদলে দিতে পারে। তাই নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পাশাপাশি দেশে নতুন শিল্প, বিনিয়োগ ও উদ্যোক্তা তৈরির পরিবেশ গড়ে তোলা জরুরি।

আমরা মনে করি, উচ্চশিক্ষিত বেকারত্ব কমাতে বিচ্ছিন্ন উদ্যোগ নয়, প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রমকে কর্মবাজারের চাহিদার সঙ্গে যুক্ত করতে হবে। গবেষণা, উদ্ভাবন, কারিগরি প্রশিক্ষণ ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে নতুন কর্মক্ষেত্র সৃষ্টি, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং তরুণ উদ্যোক্তাদের সহায়তা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, শুধু ডিগ্রিধারী নয়, দক্ষ ও সৃজনশীল জনশক্তিই একটি দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে। তাই এখনই শিক্ষাব্যবস্থা ও কর্মবাজারের বাস্তবমুখী সংস্কার জরুরি।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted