আজ সোমবার দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া সরকারি কাজী আজহার আলী মডেল উচ্চবিদ্যালয় মাঠে জামায়াত আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের নায়েবে আমির ও গাইবান্ধা-৫ (সাঘাটা ও ফুলছড়ি) আসনের সংসদ সদস্য আবদুল ওয়ারেছ।
‘বর্তমান সরকার ও বিরোধী দল আমরা গত ১৫ বছর মজলুম ছিলাম। মজলুমরা এখন আবার জালিম হতে যাব কেন?’ প্রশ্ন করে শফিকুর রহমান বলেন, ‘এই সরকার গঠন হওয়ার পর আমাদের পাঁচজনকে খুন করা হয়েছে। আমরা কি চাই, আবার খুনের রাজত্ব কায়েম হোক? না চাই না, সাবধান, এখানেই স্টপ, ফুলস্টপ। আর সামনে পা বাড়ায়েন না খুনের দিকে। এই বাংলাদেশের মানুষ বিশেষ করে যুবকেরা কারও চোখ রাঙানোর ভয় করে না। আপনারা হাজারবার চেষ্টা করলেও ফ্যাসিস্ট হতে পারবেন না। কিন্তু আপনারা সেই পথে পা রাখছেন।’
জনসমাবেশে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান, গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য আবদুল করিম, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা প্রমুখ।
এর আগে আজ সকাল সোয়া ১০টার দিকে জামায়াতের আমির বোনারপাড়া যান। এরপর তিনি গত ২১ জুন হামলায় নিহত শিবির কর্মী সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের কবর জিয়ারত করেন এবং তাঁদের পরিবারকে সমবেদনা জানান ও আর্থিক সহায়তা করেন।
