‘ফ্যাসিস্ট অপশক্তিকে মাথা তুলতে দেওয়া হবে না’, সংসদে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি
‘গণতন্ত্রকামী জ: নগণ ফ্যাসিস্ট অপশক্তির বিষদাঁত ভেঙে দেবে’; সংসদে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান, শ্রমিকদের নতুন মজুরি কাঠামোর আশ্বাস
নিজস্ব প্রতিবেদক :দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দল-মত নির্বিশেষে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পতিত ফ্যাসিস্ট শক্তি কিংবা কোনো অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে না। দেশের গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের সব ষড়যন্ত্র ও নৈরাজ্য প্রতিহত করবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেবে না। কোনো অপশক্তি মাথা তুলে দাঁড়ানোর আগেই জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে।’
গতকাল বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতা, সহিংসতা ও দেশকে অস্থিতিশীল করার অভিযোগ তুলে ধরেন। এসব অপতৎপরতা মোকাবিলায় সংসদের ভেতরে ও বাইরে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশকে আর কখনো কোনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না। দেশের স্বাধীনতাপ্রিয় মানুষ যেকোনো ষড়যন্ত্র ও অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করা সবার দায়িত্ব। এই দায়িত্ব পালনে রাজনৈতিক মতপার্থক্য ভুলে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
জাতীয় ঐক্যের আহ্বান
তারেক রহমান বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এ ক্ষেত্রে সংসদের ভেতরে থাকা রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সংসদের বাইরে থাকা গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ‘দেশবিরোধী ষড়যন্ত্র ও নাশকতা প্রতিহত করতে সংসদ এবং সংসদের বাইরে থাকা গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান ও ৭ নভেম্বরের চেতনায় এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান জানাই।’
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনোভাবেই বিপন্ন হতে দেওয়া যাবে না। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে আর কখনোই কোনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না। যেসব অপশক্তি ও তাঁবেদারি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, জনগণ তাদের প্রতিহত করবে।’
প্রধানমন্ত্রীর মতে, রাষ্ট্রের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই। দেশের মানুষকে সঙ্গে নিয়ে সরকার সব ধরনের অপতৎপরতা মোকাবিলা করবে।
আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ
বক্তব্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি দলটির পলাতক নেতাকর্মীদের বিরুদ্ধে দেশে ও বিদেশে বিভিন্ন ধরনের সহিংসতা ও নাশকতায় জড়িত থাকার অভিযোগ করেন।
তারেক রহমান বলেন, অতীতে এত মানুষ হত্যা, গুম ও নির্যাতনের পরও তাদের আচরণে কোনো পরিবর্তন আসেনি। দেশের ভেতরে কিংবা দেশের বাইরে—যেখানেই থাকুক, তাদের কর্মকাণ্ডের ধরন একই রয়ে গেছে।
তিনি বলেন, ‘এত মানুষ হত্যা, এত মানুষ গুম, এত নির্যাতনের পরেও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। দেশে কিংবা প্রবাসে যেখানেই তারা থাকুক, তাদের একটাই চরিত্র—তারা সন্ত্রাসী।’
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। একই সঙ্গে বিদেশেও বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের ওপর হামলা, হেনস্তা ও হয়রানির ঘটনা ঘটাচ্ছে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার চেষ্টা, এনসিপির সভাপতি নাহিদ ইসলামের ওপর হামলার চেষ্টা এবং যুক্তরাষ্ট্রে এনসিপির নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনা দেশবাসী দেখেছে। এ ছাড়া ইতালিতে একজন নারী শিল্পীর ওপর হামলার ঘটনাও তিনি উল্লেখ করেন।
এসব ঘটনার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোনো ব্যক্তির ওপর হামলা কিংবা কাউকে লাঞ্ছিত করার ঘটনা গ্রহণযোগ্য হতে পারে না।
তারেক রহমান আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেত্রী তাঁর অনুসারীদের গণতন্ত্রকামী মানুষের বাড়িঘরে আগুন দেওয়া এবং তাদের হত্যার জন্য তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড কোনো রাজনৈতিক দলের আচরণ হতে পারে না। যারা পরিকল্পিতভাবে সহিংসতা ও সন্ত্রাস চালায়, তারা রাজনৈতিক কর্মকাণ্ডের নামে অপরাধ করছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বেপরোয়া সন্ত্রাস চালিয়ে দেশে কার্যক্রম নিষিদ্ধ এই দলটি প্রমাণ করেছে, এরা কোনো রাজনৈতিক দল নয়। তারা সন্ত্রাসী গোষ্ঠী।’
তিনি আরও বলেন, দেশের ভেতরে ও বাইরে বারবার এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের পরিচয় প্রকাশ করেছে। এ ধরনের সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বিদেশে অবস্থানরতদের ভূমিকা নিয়েও প্রশ্ন
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতাকামী ও গণতন্ত্রপ্রিয় মানুষের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
তিনি বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশ অস্থিতিশীল করতে চায়, তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রয়েছে।
তারেক রহমান বলেন, এসব ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতাকামী গণতান্ত্রিক জনগণের সঙ্গে সম্পর্ক রাখার পরিবর্তে সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। এর মাধ্যমে বাংলাদেশের জনগণের প্রতি তাদের মনোভাব স্পষ্ট হয়ে উঠেছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ নিজেদের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় সচেতন। কোনো বিদেশি শক্তি কিংবা দেশীয় অপশক্তি জনগণের ইচ্ছার বিরুদ্ধে দেশ পরিচালনার পরিবেশ তৈরি করতে পারবে না।
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার
সংসদে বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, যারা দেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ থাকবে। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার দায়িত্ব জনগণের পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধিদেরও।
তারেক রহমান বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করব, আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করব, আমাদের সংসদ, এই স্বাধীন সার্বভৌম সংসদ আমরা রক্ষা করব। বাংলাদেশকে আর কোনো তাঁবেদারের হাতে আমরা সঁপে দেব না।’
তিনি আরও বলেন, যারা দেশের মানুষকে পরাধীন করে রাখতে চায়, তাদের আর মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে না।
প্রধানমন্ত্রীর ভাষায়, ‘যাদের হাতে মানুষের গোলামির জিঞ্জির—সেই অপশক্তিকে, সেই তাঁবেদারি শক্তিকে কোনোভাবেই দেশের জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই গণতন্ত্রকামী জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে।’
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনের এ বক্তব্যে প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য, গণতন্ত্রের সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেন। সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
নিজ নিজ এলাকায় যেতে এমপিদের নির্দেশ
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও সহিংসতা মোকাবিলায় দলের সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংসদের অধিবেশন শেষ হওয়ার পর অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে উপস্থিত একাধিক সংসদ সদস্যের বরাতে এসব তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রী বলেন, সংসদীয় কার্যক্রমের পাশাপাশি সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। শুধু ঢাকায় অবস্থান করে কিংবা সংসদের কার্যক্রমে অংশ নিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না। নির্বাচনি এলাকায় গিয়ে সাধারণ মানুষের সমস্যা, প্রয়োজন ও নিরাপত্তার বিষয়গুলো সরাসরি দেখতে হবে।
তিনি দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে মাঠপর্যায়ে সক্রিয় থাকা জরুরি। জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে এবং যেকোনো নাশকতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। তাই এলাকার মানুষের জানমাল রক্ষা এবং তাদের পাশে দাঁড়ানোর দায়িত্বও তাঁদের রয়েছে।
তিনি বলেন, ‘আপনারা প্রত্যেকে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। এলাকার মানুষের জানমালের নিরাপত্তা বিধানের দায়িত্বও আপনার।’
প্রধানমন্ত্রী আরও নির্দেশ দেন, সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় গিয়ে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেবেন। স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াবেন এবং জনস্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডে সরাসরি অংশ নেবেন।
তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে সাধারণ মানুষের আস্থা অর্জন এবং জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দেন।
বিএনপি চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী, সংসদ সদস্যদের এলাকায় থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ এবং যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে হবে।
নৈরাজ্য মোকাবিলায় রাজনৈতিকভাবে সক্রিয় থাকার নির্দেশ
বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সহিংসতা, নাশকতা এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টার বিষয়টি গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের বলেন, কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না। রাজনৈতিকভাবে ধৈর্য ও আত্মবিশ্বাস বজায় রেখে জনগণকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তাই জনগণের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। মানুষের নিরাপত্তা, অধিকার ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
বৈঠকে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়। সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সরকারের বিভিন্ন কর্মসূচি ও উন্নয়ন উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়।
পাশাপাশি সংসদে সরকারের নীতি, পরিকল্পনা ও অর্জনগুলো যথাযথভাবে তুলে ধরার বিষয়েও আলোচনা হয়।
গোপালগঞ্জের সহিংসতা নিয়ে আলোচনা
বৈঠকে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার পাশাপাশি গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেখানে রাজনৈতিক উত্তেজনা, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে সংসদ সদস্যরা নিজেদের বক্তব্য তুলে ধরেন।
বিশেষ করে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী তাঁর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরেন।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা তাঁর বাড়িতে আগুন দিয়েছে। একই সঙ্গে তাঁর আত্মীয়স্বজনের বাড়িঘরেও হামলা চালানো হয়েছে। এসব ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও তিনি জানান।
নিজের এলাকার পরিস্থিতি তুলে ধরতে গিয়ে জিলানী আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, হামলা ও সহিংসতার ঘটনায় স্থানীয় পর্যায়ে দলের কাছ থেকে যে ধরনের সহযোগিতা প্রত্যাশা করেছিলেন, তা পাননি।
তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতিতে আবেগের চেয়ে আত্মবিশ্বাস, ধৈর্য ও সাংগঠনিক শক্তি বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেককে আত্মবিশ্বাস নিয়ে রাজনৈতিক মাঠে কাজ করতে হবে।
তারেক রহমান বলেন, জনগণ বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। এই জনসমর্থনকে শক্তি হিসেবে নিয়ে নেতাকর্মীদের কাজ করতে হবে।
তিনি দলীয় সংসদ সদস্যদের হতাশ না হয়ে জনগণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার পরামর্শ দেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য
বিএনপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রীর আগে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উসকানি ও সহিংসতার ঘটনা ঘটলেও সরকার এখন পর্যন্ত অতিরিক্ত বল প্রয়োগ করেনি। বর্তমান পরিস্থিতিতে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত শক্তি প্রয়োগের কোনো ইচ্ছাও সরকারের নেই।
তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু গোপালগঞ্জ নয়, দেশের যেসব এলাকায় নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টির চেষ্টা হচ্ছে, সেসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে খুব শিগগিরই কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট রয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী দেশের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠকে উপস্থিত নেতারা দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সহিংসতার ঘটনা এবং এসব পরিস্থিতি মোকাবিলায় সরকারের করণীয় নিয়ে আলোচনা করেন।
পোশাকশিল্পের স্থিতিশীলতা বজায় রাখার তাগিদ
প্রধানমন্ত্রী তাঁর সংসদীয় বক্তব্যে দেশের তৈরি পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি অভিযোগ করেন, দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত পোশাকশিল্পকে ক্ষতিগ্রস্ত করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে।
তিনি বলেন, দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য পোশাকশিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখা প্রয়োজন। কোনো ধরনের উসকানি বা ষড়যন্ত্রের কারণে কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা উৎপাদন বন্ধের মতো পরিস্থিতি তৈরি করা যাবে না।
প্রধানমন্ত্রী শ্রমিকদের প্রতি আহ্বান জানান, কোনো উসকানিতে প্রভাবিত হয়ে কারখানার ক্ষতি হয় এমন কর্মকাণ্ডে জড়িত না হতে। শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার বিবেচনায় নিয়ে সরকার সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করবে বলেও আশ্বাস দেন তিনি।
তারেক রহমান জানান, শ্রমিকদের নতুন বেতনকাঠামো অনুযায়ী সর্বনিম্ন মজুরি নির্ধারণের বিষয়ে কাজ চলছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।
তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং শিল্পের উৎপাদনশীলতা বজায় রাখা—দুই বিষয়ই সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
বিএনপির সংসদীয় দলের বৈঠকেও পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়টি গুরুত্ব পায়। দেশের বৃহত্তম রপ্তানি খাতের কার্যক্রম সচল রাখতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
প্রায় ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ
সংসদে দেওয়া বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, নামমাত্র খরচে প্রায় ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং কর্মীরা তুলনামূলক কম খরচে বিদেশে যাওয়ার সুযোগ পাবেন।
বিদেশে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা ও স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি মনে করেন, বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় অযৌক্তিক খরচ কমানো গেলে সাধারণ শ্রমজীবী মানুষ উপকৃত হবেন। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।
ঢাকায় ৫০ পয়েন্টে চালু হচ্ছে এআই ট্রাফিক সিগন্যাল
রাজধানীর যানজট কমানো এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে ঢাকার ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু করা হবে।
প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে রাজধানীর যান চলাচল আরও গতিশীল ও সুশৃঙ্খল করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
রাজধানীর যানজট দীর্ঘদিনের একটি বড় সমস্যা। এ সমস্যা মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।
প্রধানমন্ত্রী জানান, সরকার দেশের বিভিন্ন অঞ্চলের সমস্যা চিহ্নিত করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করছে। রাজধানীর পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের মানুষের প্রয়োজনকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সুষম উন্নয়ন ও জনকল্যাণে সরকারের অঙ্গীকার
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সব অঞ্চলের সমস্যা চিহ্নিত করে সুষম উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। উন্নয়নের সুফল যেন শুধু নির্দিষ্ট কোনো অঞ্চল বা শ্রেণির মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সরকারের প্রতিটি পরিকল্পনা ও কর্মসূচিতে সাধারণ মানুষের প্রয়োজন বিবেচনা করা হবে।
তারেক রহমান আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখাও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
বিএনপির সংসদীয় দলের বৈঠকেও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এসব কর্মসূচির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংসদ সদস্যদের আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন যারা
বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন। সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দীন নিজান বৈঠক পরিচালনা করেন।
এ ছাড়া বৈঠকে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সংসদ সদস্য আমান উল্লাহ আমান, ফজলুল হক মিলন, এ বি এম মোশাররফ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের সংসদ সদস্যরা বক্তব্য দেন।
বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সহিংসতা, পোশাকশিল্পের অবস্থা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।
দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানো, স্থানীয় সমস্যার সমাধানে উদ্যোগী হওয়া এবং সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে যে বার্তা দিয়েছেন, তার মূল বিষয় ছিল—জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তোলা, এলাকার মানুষের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করা এবং যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবিলা করা।
সব মিলিয়ে সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্য ও দলের সংসদীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঐক্য, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মাঠপর্যায়ে দলীয় সংসদ সদস্যদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দেশের অর্থনীতি, পোশাকশিল্প, বিদেশে কর্মসংস্থান এবং রাজধানীর যানজট নিরসনে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি।
